গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন টানা আট মাস দেশে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান, যেখানে বর্তমানে অবস্থান করছেন। সম্প্রতি সাংবাদিক সুলতানা রহমানের সঙ্গে এক ভার্চুয়াল টক শোতে অংশ নিয়ে নিজের পালিয়ে থাকার অভিজ্ঞতা ও দেশ ছাড়ার পেছনের ঘটনা তুলে ধরেন তিনি।
ড. মোমেন জানান, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রী-এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। ধরা পড়ার আশঙ্কায় তিনি একাধিকবার অবস্থান পরিবর্তন করেন, মোবাইল সিম বদলান ছয়বার এবং চেহারায় আনেন আমূল পরিবর্তন। দাড়ি রাখার কারণে অনেক সময় তাকে চেনাও যেত না।
তিনি বলেন, আত্মীয়স্বজনের বাড়িতে না থেকে সাধারণ মানুষের ভাড়া বাসায় ছিলেন, যাতে পরিচয় গোপন রাখা যায়। নাপিত পর্যন্ত বাসায় এনে চুল-দাড়ি কাটাতেন, যেন বাইরে বের হতে না হয়। আট মাস পর তার স্ত্রীই যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করেন বলে জানান তিনি।
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কোনো অন্যায় করেননি বলেই নিজেকে নির্দোষ মনে করতেন, তবে পরিস্থিতির কারণে আত্মগোপনে যেতে বাধ্য হন। অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল ও জঙ্গিবাদে ঠেলে দেওয়া যাবে না।
এ সময় তিনি শেখ হাসিনা সরকারের পতনের পেছনে বিদেশি শক্তির ভূমিকার ইঙ্গিত দেন এবং দাবি করেন, তিনি আগেই সরকারকে সতর্ক করেছিলেন।