বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী দেহরক্ষী (গানম্যান) ও বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জামায়াত আমিরের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি ও হুমকি বিদ্যমান। এ প্রেক্ষিতে তার ব্যক্তি নিরাপত্তা জোরদার করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনের নিরাপত্তায় পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করার অনুরোধ জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গত ১৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান এবং তার বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। দলের অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার এ আবেদন করেন। আবেদনটি যাচাই-বাছাই শেষে সরকার এ সিদ্ধান্ত নেয়।
এর আগে প্রায় দুই সপ্তাহ ধরে ডা. শফিকুর রহমানের নিরাপত্তায় একজন গানম্যান এবং এক গাড়ি পুলিশ স্কোয়াড নিয়োজিত রয়েছে। এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম জানান, জামায়াত আমিরের চলাচলের সময় নিরাপত্তা দেওয়া হলেও বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সরকার সংশোধিত নির্দেশনা দিয়ে বাসভবনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে জামায়াত আমিরের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হলো।