ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ নূর মুহাম্মদ তুহিন (৩৫) নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার চরনিখলা এলাকার রেললাইন সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার এসআই জালাল উদ্দীন ও এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নূর মুহাম্মদ তুহিনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক নূর মুহাম্মদ তুহিন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের একজন নেতা। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকনের ঘনিষ্ঠ হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।