জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেন জামায়াত আমির। একই সঙ্গে বাংলাদেশের নারীদের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ প্রকাশ করে।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান এবং জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।