রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩তম ব্যাচের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির। তিনি এর আগে সংগঠনটির জবি শাখার সহ-সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ১৩৯ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে প্রচার ও প্রকাশনা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বটি মনিরুজ্জামান মনিরের ওপর অর্পণ করা হয়েছে।
নবগঠিত কমিটিতে নিজের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মনিরুজ্জামান মনির বলেন, ‘‘ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করায় আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এই গুরুদায়িত্ব পালনে আমি গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। আগামীর পথচলায় ছাত্র সমাজের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে প্রচারণার সম্মুখসারিতে থেকে সত্য প্রকাশে আমি আপসহীন থাকব।
দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ছাত্র অধিকার পরিষদ যে বলিষ্ঠ ভূমিকা রাখছে, তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। পেশাদারত্বের সাথে সংবাদ প্রচার ও তথ্য আদান-প্রদানে আমি সাংবাদিকদের সাথে একটি সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র সমাজের এই নতুন যাত্রায় সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের সমর্থন আমার পথচলাকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি।’’
প্রাসঙ্গত, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ (বর্তমানে ছাত্র অধিকার পরিষদ) আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার ও জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে সরব রয়েছে।
মনিরুজ্জামান মনির জবি শাখার নেতৃত্বে থাকাকালীন ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রবান্ধব কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন, যার ধারাবাহিকতায় তাকে এবার কেন্দ্রীয় পর্যায়ে এই নীতিনির্ধারণী দায়িত্ব দেওয়া হলো।