জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিকদের মতামত জানতে আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি শুরু থেকেই অগ্রণী ভূমিকা রেখে আসছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সেই অবস্থান স্পষ্ট করা হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নজরুল ইসলাম খান। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্য কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবও উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, “সংস্কার সবার আগে বিএনপিই চেয়েছে। সংসদে নারীদের আসন বাড়ানোর প্রস্তাব আমরা দিয়েছি। অথচ অন্য কিছু দল একজন নারী প্রার্থীও দেয়নি।” তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
বৈঠকে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা নিয়েও আলোচনা হয়। নজরুল ইসলাম খান বলেন, সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে নির্বাচনে অংশ নিতে পারেন। কিন্তু বাস্তবে কিছু রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা বাতিল করছেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বৈঠকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং রুহুল কুদ্দুস কাজল।