জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া সব রাজনৈতিক দলের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি সতর্ক করে বলেন, গণভোটে যদি ‘না’ ভোট পাস হয়, তাহলে সাম্প্রতিক গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে এবং দেশ আবার আগের ব্যবস্থার দিকেই ফিরে যাবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলা ছিল সব রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে একটি বিশেষ দল ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে। তিনি আরও বলেন, আপনারা যদি আমাদের দলকে ভোট নাও দেন, তবুও দেশের ভবিষ্যতের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।
নাহিদ ইসলাম বলেন, যারা ‘না’ ভোটের পক্ষে কথা বলছেন, তারা আসলে কী ধরনের রাষ্ট্রব্যবস্থা চান তা স্পষ্ট নয়। তার মতে, ‘না’ ভোট পাস হলে যে শক্তি ক্ষমতায় আসবে, তা স্বৈরাচারী হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এবারের গণভোট বাংলাদেশের আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাই জনগণকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, বর্তমান সময়েও এসব অনিয়ম বন্ধ হয়নি। গণভোট ব্যর্থ হলে দেশ আবার সেই পুরোনো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় ফিরে যাবে।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের পক্ষে আজ থেকে সারাদেশে প্রচারণা শুরু হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।