ইসলামের নামে ধোঁকাবাজি করে জামায়াত-শিবির সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ও জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আলেম সমাজের নেতারা। তারা বলেন, যারা ইসমতে আম্বিয়া—নবীদের পাপমুক্ত ও মর্যাদাশীল অবস্থান—এবং সাহাবায়ে কেরামকে মিয়ার-ই-হক বা সত্যের মাপকাঠি হিসেবে মানে না, তাদের ইসলামী আকিদা ও বিশ্বাস মৌলিকভাবে ত্রুটিপূর্ণ। এ ধরনের গোষ্ঠী কখনোই প্রকৃত ইসলামি দল হতে পারে না।
রোববার (১২ জানুয়ারি) মাগুরা জেলা অডিটোরিয়ামে কওমী মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও সীরাত সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ইত্তেহাদুল উলামা মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরা ধলহরা মাদ্রাসার মুতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন মাগুরা পৌর গোরস্থান মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হাসিবুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর রেলওয়ে স্টেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম। প্রধান আলোচক ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এছাড়াও বক্তব্য দেন মাওলানা মুশতাক আহমদ (খুলনা), মুফতি আরিফ বিল্লাহ কাসেমী (ঝিনাইদহ) ও মাওলানা শাহ সাইফুল্লাহ।
বক্তারা বলেন, একসময় ‘আকিমুদ্দীন’ তথা দ্বীন প্রতিষ্ঠার স্লোগান দেওয়া জামায়াত আজ সেই শব্দ নিজস্ব লোগো থেকেই বাদ দিয়েছে। এতে প্রমাণ হয়, ইসলাম প্রতিষ্ঠার নামে রাজনীতি করলেও তারা আদর্শিকভাবে সেই পথে নেই। ইসলামী ঐক্যের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে পরে ভিন্ন মতাদর্শের সঙ্গে আপোস করাই তাদের রাজনীতির বাস্তব চিত্র। আলেমরা বলেন, ইসলামের নামে বানোয়াট ঐক্যের ধোঁকা পরিহার করে হক্কানী ও আকিদাভিত্তিক নেতৃত্বের পথেই এগোতে হবে।