সোহেল রানা, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
পঞ্চগড় জেলার সদর থানার দুইটি হত্যা মামলার পলাতক আসামিকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন—পঞ্চগড় জেলার সদর থানার কায়েতপাড়া হফিজাবাদ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রশিদ (৩৫) এবং একই থানার দর্জিপাড়া গ্রামের শাহিনুর ইসলাম (৪২)।
র্যাব সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে পঞ্চগড় সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলার এই দুই আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে র্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে সিংগাইরের বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।