বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সকালে জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা।
বৈঠক শেষে নাহিদ ইসলামের ফেসবুক পেজে দেওয়া একটি অ্যাডমিন পোস্টে জানানো হয়, আজ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একটি বিশেষ সাক্ষাতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয় এবং রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।
এর আগে শনিবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আগামী ১২ জানুয়ারির মধ্যেই দেওয়া হবে।