মোঃ সোবেল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ছাত্ররা যদি না এগোত তাহলে এই জুলাই গণঅভ্যুত্থান হত না। এই ফ্যাসিস্ট সরকারেরও পতন হত না। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হবে।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বিপ্লবী যোদ্ধাদের ছাত্রদলে অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি মনোনীতপ্রার্থী। তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, এই অভ্যুত্থান পাওয়া ও জয়লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। ২০২৪ সালে জুলাইয়ে তোমরা ব্রাহ্মণবাড়িয়ায় যুদ্ধ করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছ। তোমাদের নেতৃত্ব শুধু শহরে সীমাবদ্ধ ছিল না সারাদেশে ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে নেপথ্যে থেকে ছাত্রদের সহায়তা করেছে ছাত্রদলের নেতৃবৃন্দরা।
তিনি বলেন, আগামী দিনে এই জুলাই-গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে হবে। বাস্তবতা হলো যে চেতনা নিয়ে জুলাই-গণঅভ্যুত্থান করেছিলাম সেই চেতনা কিন্তু আজকে ম্নান হয়ে যাচ্ছে। প্রশাসন থেকে শুরু সব জায়গায় ফ্যাসিস্টদের বাস্তবতা ফিরে এসেছে।
ফ্যাসিস্টরা যে কাজ করে গিয়েছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয়ে সেদিকে আমাদের কাজ করত হবে। তোমরা আমাদের দলে যোগ দিয়েছে। ছাত্রদলকে নতুন আঙ্গিকে সময়োপযোগী ছাত্রদলে পরিণত করব।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের অন্যতম সংগঠক মোহাইমিনুল আজবীন,
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন, ছাত্র সংগঠনক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।