কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দলীয় নেতাকর্মীরা যদি প্রতারণা না করেন, তাহলে নির্বাচনে নিজের জয় নিয়ে তিনি আশাবাদী।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে কোনো ষড়যন্ত্রকেই প্রশ্রয় দেওয়া হবে না। যেখানে ষড়যন্ত্র হবে, সেখানেই তা প্রতিহত করা হবে। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না এবং সবাইকে সংযত ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি নির্যাতনের শিকার হয়েছেন, তবুও আপস করেননি। তার জানাজায় লাখো মানুষের উপস্থিতিই প্রমাণ করে জনগণের ভালোবাসা কেউ ছিনিয়ে নিতে পারেনি।
আওয়ামী লীগ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনা ও তার দলকে দেশে ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে। দেশের মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে।
তিনি আরও বলেন, সারাদেশে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে বিএনপিকে পরাজিত করা সম্ভব নয়। নেতাকর্মীরা যদি সততা ও ঐক্য বজায় রাখেন, তাহলে বিজয় নিশ্চিত হবে।