দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, “দেশের মানুষ স্বপ্ন দেখে। সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে একসাথে কাজ করি, তাহলে জাতিকে সঠিক পথে নিয়ে যাওয়া সম্ভব।”
তিনি ৫ আগস্টের ঘটনার কথা স্মরণ করে বলেন, “আমরা দেখেছি প্রতিশোধ ও হিংসা এক দল বা মানুষের জন্য কী ধরনের ধ্বংস বয়ে আনতে পারে। মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনও চোখের সামনে ভাসে। তাই ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।”
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলম ও আরও অনেকে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। মাত্র ১০ দিনের মধ্যে শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এর পরদিনই সাংবাদিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন তিনি।