রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খান-এর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’, যা নিয়ে নানা মহলে বিতর্ক শুরু হয়েছে।
গত ৮ জানুয়ারি পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। প্রায় ১ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, এটিএম আজম খান দাবি করেন, কেন্দ্র থেকে তাকে ফোন করে বলা হয়েছে যে, তাকে ‘কোরবানি দেওয়া হয়েছে’, যা তিনি লাখ লাখ মানুষকে নির্বাচনের স্বার্থে উৎসর্গ করার সঙ্গে তুলনা করেন। এ বক্তব্যের সময় উপস্থিত সমর্থকদের ‘আলহামদুলিল্লাহ’ বলতে শোনা যায়।
ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে অনেকে সমালোচনা করেন। এদিকে জানা গেছে, জামায়াত ও এনসিপির জোটগত সিদ্ধান্তের কারণে রংপুর-৪ আসনে এটিএম আজম খান মনোনয়ন জমা দেননি এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে আখতার হোসেনকে সমর্থন জানিয়েছেন।