ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেকখানি এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, মাঠপর্যায়ের সংগঠন, কর্মী সক্রিয়তা ও জনসংযোগের দিক থেকে তাদের জোট তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়ন-এর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ইউরোপীয় ইউনিয়নকে তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে, এখনো নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে—এমন আত্মবিশ্বাস তাদের নেই। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে প্রশাসনিক সিগন্যালিং করা হচ্ছে। ঋণখেলাপি থাকা সত্ত্বেও অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।
তিনি আরও বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি-র হত্যার বিচার না হওয়ায় দেশে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
নিরাপত্তাহীনতার মধ্যেও নির্বাচনী মাঠে সক্রিয় থাকার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সব প্রতিকূলতা উপেক্ষা করে জামায়াত ও এনসিপির জোট নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে রয়েছে।