রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাট, শিবগঞ্জ বাজার, জামুর হাট, ভাইয়ের পুকুর হাট ও মোকামতলাসহ উপজেলার প্রায় সব কটি বাজারেই মাত্র পাঁচ দিনের ব্যবধানে কাঁচা মরিচসহ সব ধরনের সবজির দাম তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
হাট-বাজার ঘুরে দেখা গেছে, কয়েক দিন আগেও যেসব সবজি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল, সেগুলো এখন অস্বাভাবিক উচ্চ দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বেগুন, টমেটো, পটল, শিম, করলা ও লাউসহ প্রায় সব সবজির দামই এক লাফে বেড়ে গেছে।
ক্রেতারা বলছেন, বাজারে হঠাৎ এমন মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিক কারণ তারা দেখতে পাচ্ছেন না। তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লুটছেন।
অন্যদিকে ব্যবসায়ীরা দাবি করছেন, আবহাওয়াজনিত কারণে ক্ষেত থেকে সবজি উঠছে কম, পরিবহন খরচ বেড়েছে এবং পাইকারি বাজারেই দাম বেশি থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে।