মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলি এলাকায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও একটি বিকল ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ‘পূর্বাশা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেকের মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধার শেষে আইনগত প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।