আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। নির্বাচনী পরিবেশও ইতিবাচক। দু-একজন এ নিয়ে কথা বললেও বাস্তবতা হলো, এখন পর্যন্ত ছোট-বড় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত আছে। এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যার মাধ্যমে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।”
তিনি বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামের শান্তির বার্তা এই ভূখণ্ডে এসেছে পীর-দরবেশদের হাত ধরেই। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এসব কর্মকাণ্ড দেশের ঐতিহ্য ও সম্প্রীতির পরিপন্থী।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, এই দেশ সব ধর্ম ও বর্ণের মানুষের। এখানে সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে, এটাই রাষ্ট্রের প্রত্যাশা ও অঙ্গীকার। ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে শুক্রবার সকালে শফিকুল আলম ময়মনসিংহ নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকা এবং হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। এ সময় তিনি মাজার এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
মাজারের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল আগের চেয়ে বেড়েছে। মাজার ও ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, যা একটি ইতিবাচক দিক।