ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের সুবিধা ও স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষই একমাত্র ক্ষমতার মালিক—এই বিশ্বাসকে কেন্দ্র করেই নতুন ধারার রাজনীতির সূচনা করতে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র আত্মার শান্তি কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে সাধারণ মানুষের সঙ্গে মিশে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জনবান্ধব রাজনীতির বাস্তব উদাহরণ। তিনি বাসে চলেছেন, সিগন্যাল লাইটে গাড়ি থামিয়েছেন—এগুলো ক্ষমতার অহংকার নয়, বরং মানুষের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।
খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশপ্রেম, সাহস ও আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার প্রশ্নে তিনি কখনো আপস করেননি। জেল-নির্যাতন সহ্য করেও তিনি মাথা নত করেননি।
এক-এগারো পরবর্তী বাস্তবতার কথা তুলে ধরে আমীর খসরু বলেন, যারা ক্ষমতার লোভে আপস করেছেন তারা আজ রাজনীতির মাঠে নেই। কিন্তু বিএনপি আপসহীন থাকায় দলটি আজও জনগণের আস্থার জায়গায় টিকে আছে।