শেখ সজীব, বাগেরহাট
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ডিমেরচর এলাকায় ফাঁদে আটক একটি হরিণসহ এক শিকারীকে আটক করেছে বনরক্ষীরা।
বুধবার (৭ জানুয়ারি)দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও দুই হরিণ শিকারী সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যায়।
আটক শিকারীর নাম আ. হাকিম (৪০)। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের বাসিন্দা।
বন বিভাগ জানায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা বুধবার দুপুরে ডিমেরচর বনাঞ্চলে হেঁটে টহল দেওয়ার সময় বনের বিস্তীর্ণ এলাকায় হরিণ শিকারের মালা ও ছিটকা ফাঁদ পাতা অবস্থায় দেখতে পান। এ সময় একটি চিত্রল হরিণ ফাঁদে আটকে থাকতে দেখা যায়।
পরবর্তীতে বনরক্ষীরা তল্লাশি চালিয়ে আ. হাকিম নামের এক শিকারীকে হাতেনাতে আটক করেন। তবে তার সঙ্গে থাকা আরও দুই শিকারী বনাঞ্চলের গভীরে পালিয়ে যেতে সক্ষম হয়।
বনরক্ষীরা আটক শিকারীর কাছ থেকে বিপুল পরিমাণ মালা ও ছিটকা ফাঁদসহ ৭টি প্লাস্টিকের বস্তা জব্দ করেন। উদ্ধার করা হরিণটিকে সুস্থ অবস্থায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
আটক শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে তাকে বাগেরহাট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান বন বিভাগের ওই কর্মকর্তা।