মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে আদালতের তত্ত্বাবধানে বিভিন্ন মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
আদালত সূত্র জানায়, চলমান ৭টি মাদক মামলার আলামত হিসেবে সংরক্ষিত এসব মাদক ধ্বংস করা হয়। আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের উপস্থিতিতে ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ১০ হাজার ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯৬ বোতল ফেন্সিডিল, ১৪৩ ক্যান বিয়ার, ১২ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ এবং ১০ হাজার ৫৯ পিস খেলনা নোট। বিষয়টি নিশ্চিত করেন আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই ইসফাত আরা খানম।
নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে মাদক ধ্বংস করা হয়। ইয়াবা ট্যাবলেট পানিতে ডুবিয়ে নষ্ট করা হয়, গাঁজা ও খেলনা টাকা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং বিয়ার, ফেন্সিডিল ও বিদেশি মদ দা দিয়ে কুপিয়ে নষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান, কোর্ট পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা, এসআই ইসফাত আরা খানমসহ বিভিন্ন থানার পুলিশ সদস্যরা।
আদালত সংশ্লিষ্টরা জানান, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে নিয়মিতভাবে জব্দকৃত মাদক ধ্বংসের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ ও বিচারিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করা হচ্ছে।