প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—এই দুটিই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন না যে, কোনো রাজনৈতিক দল গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে।
বরং রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে সমর্থন করেছে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে নামবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছে।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া-প্যাসিফিক বিষয়ক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
অধ্যাপক ইউনূস বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার তারা উৎসবের পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে। তিনি একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ-ইইউ সম্পর্ক, আসন্ন নির্বাচন ও গণভোট, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। পাম্পালোনি জানান, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমন্বিত অংশীদারত্ব চুক্তি (পিসিএ) চূড়ান্ত করার আলোচনা শিগগিরই শেষ হবে, যা দুই পক্ষের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।