গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তাঁরা বিএনপিতে যোগদান করেন।
এনসিপি থেকে বিএনপিতে যোগদান করা নেতা-কর্মীরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সাবেক সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা শাখার সমন্বয় কমিটির সদস্য আল্পনা হক ছোঁয়া, গাজীপুর জেলা এনসিপির সদস্য কাইফাত মোড়ল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সাবেক সদস্য ওয়াসিম আকরাম, শফিকুল ইসলাম। জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে যোগদান করা নেতা-কর্মীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ কর্মীরা।
যোগদান অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীরা বলেন, আমরা বাংলাদেশপন্থার রাজনীতির জন্যে এতো দিন জাতীয় নাগরিক পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু জামায়াতের সাথে জোট করায় আমরা মনে করি এনসিপি নীতি বিচ্যুত হয়েছে। যার কারণে আমরা এনসিপি থেকে পদত্যাগ করে জনাব তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এই স্লোগানে আস্থা রেখে আজ বিএনপিতে যোগ দিয়েছি। আমরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করার জন্যে সর্বাত্মক কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষীয়ান বিএনপি নেতা পীরজাদা এস এম রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী, পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন, সদস্য সচিব আজিজুল হক রাজনসহ বিএনপির ভিবিন্ন নেতাকর্মীরা।