জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়াকে কেন্দ্র করে দল থেকে পদত্যাগ করা নেতাদের ফেরাতে উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সূত্র জানায়, গত ১১ দিনে অন্তত ১৬ জন নেতা পদত্যাগ করলেও এখনো কারও পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। এনসিপির শীর্ষ নেতৃত্ব আশা করছে, আলোচনার মাধ্যমে তাঁদের বড় একটি অংশকে আবার দলে ফেরানো সম্ভব হবে।
গত ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী মোর্চায় যুক্ত হওয়ার ঘোষণা দেয় এনসিপি। এর আগের দিন জামায়াতের সঙ্গে সমঝোতায় না যাওয়ার অনুরোধ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দেন ৩০ জন নেতা। একই দিন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তবে ঢাকা-৯ আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিষয়টি বর্তমানে আপিল পর্যায়ে রয়েছে।
এ ছাড়া জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে সমর্থন জানিয়ে পদত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হকসহ আরও অনেকে। পদত্যাগকারীদের মধ্যে কেউ কেউ দলীয় সিদ্ধান্তে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরলেও এনসিপি নেতৃত্ব বিষয়টিকে ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া’ হিসেবে দেখছে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, পদত্যাগকারী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং তাঁদের কাছে দলীয় সিদ্ধান্তের যুক্তি তুলে ধরা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে অনেকেই দলে ফিরে আসবেন।