মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার)
জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ১০ম প্রতিনিধি সম্মেলনে সেরা সংগঠন মূল্যায়ন তালিকায় এ ক্যাটাগরিতে স্থান অর্জন করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
সম্মেলনের আনুষ্ঠানিক পর্বে নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রতিনিধিদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পুত্র জনাব মিরাজুল মইন জয়।
নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, “এই সম্মাননা কেবল একটি সংগঠনের নয়, এটি বড়লেখাবাসীর সম্মান। একই সঙ্গে এটি নিসচা’র প্রতিটি নিবেদিতপ্রাণ কর্মীর অবদান ও ত্যাগের স্বীকৃতি।”
তারা আরও বলেন, এই অর্জন নিসচা’র জন্য শুধু প্রাপ্তি নয়, বরং নিরাপদ সড়ক বাস্তবায়নের আন্দোলনে আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার অনুপ্রেরণা।
এ সময় নিসচা পরিবার ও কেন্দ্রীয় কমিটির প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা। পাশাপাশি ভবিষ্যতেও সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সদস্যরা।