ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা সার্জারি বিভাগের ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী তোফায়েল আহমেদ জানান, সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামাল মজুমদার। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সার্জারি বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তার বাম পায়ের আঙুলে পচন ধরায় সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। এ অবস্থায় তার নিবিড় চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে।
চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে।