নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ এসব মন্তব্য করেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পরদিনই একজন চিহ্নিত আসামির হাতে তাদের এক সহযোদ্ধা শহীদ হয়েছেন। এই ঘটনার পর থেকেই নির্বাচন নিয়ে মানুষের ভেতরে ভয় ও অনিশ্চয়তা আরও বেড়েছে।
তিনি অভিযোগ করেন, এখন পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক কোনো দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি দেখা যাচ্ছে না। মাঠপর্যায়ে পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। এ অবস্থায় নির্বাচন কমিশনকে তারা স্পষ্টভাবে জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দৃশ্যমান ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
নির্বাচন আদৌ হবে কি না—এই প্রশ্ন এখনো মানুষের মুখে মুখে ঘুরছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, রাস্তায় বের হলেই সাধারণ মানুষ জানতে চায় নির্বাচন হবে কি না। এটি সরকার ও নির্বাচন কমিশনের ব্যর্থতা যে তারা জনগণকে এখনো আস্থা দিতে পারেনি। নির্বাচন নিয়ে মানুষের মনে যে সংশয় কাজ করছে, সেটি দূর করতে কমিশন কার্যকর উদ্যোগ নিতে পারেনি।
এনসিপির ভেতরেও শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন দেখা যায় একজন প্রার্থীকে শুনানির সুযোগ দেওয়ার বদলে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, তখন শঙ্কা তৈরি হওয়াটাই স্বাভাবিক। বিভিন্ন এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসীদের ঘোরাফেরা, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপিকে উদ্বিগ্ন করছে।
ইসির সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, কমিশন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই নির্বাচন কমিশনকে তা প্রমাণ করতে হবে। যদি দেখা যায় কমিশন একতরফা বা পাতানো নির্বাচনের পথে এগোচ্ছে, তাহলে এনসিপি তা কোনোভাবেই মেনে নেবে না।
তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়ে নিয়মবহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিদের যাতায়াত শুরু হয়েছে। বাংলাদেশে যদি আবারও কোনো সাজানো নির্বাচনের চিত্র তৈরি করা হয়, তাহলে তাদের রাজপথে নামা ছাড়া আর কোনো পথ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিন বিকাল ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে আসিফ মাহমুদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে।