জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর করে দেওয়া হয়েছে। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি বিষয়টি নিজেই নিশ্চিত করেন। তিনি জানান, আইডিটি বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে সমর্থক ও অনুসারীদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, “আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ার পর কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে আমার আইডিটিকে ডিজেবল করা হয়।” তিনি অভিযোগ করেন, মতপ্রকাশের স্বাধীনতাকে দমনে পরিকল্পিতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যক্তিগত আইডি অকার্যকর হয়ে পড়ায় এখন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজকেই যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করবেন বলে জানান তিনি। আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হলেও এখন থেকে তিনি নিজেই সরাসরি সেখানে সক্রিয় থাকবেন বলেও উল্লেখ করেন।
আইডি হারানোর কারণে যোগাযোগে বিঘ্ন ঘটায় সমর্থকদের উদ্দেশে বিশেষ আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, তার বক্তব্য ও সংশ্লিষ্ট সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাই যেন ভেরিফায়েড পেজটি শেয়ার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থান গ্রহণের ফলেই কপিরাইট অভিযোগের অজুহাতে তার ব্যক্তিগত প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে মনে করছেন এই এনসিপি নেতা।