জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি ছিল সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সোমবার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর মরকুন পূর্বপাড়ায় সুরভীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, একজন নাগরিক হিসেবে সুরভী যে ন্যূনতম আইনি অধিকার ও সুবিধা পাওয়ার কথা ছিল, তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। যদি তিনি কোনো অন্যায় করেও থাকতেন, তাহলেও তার ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা হয়নি। পরবর্তীতে আমরা জানতে পেরেছি, পুরো মামলাটিই ছিল সাজানো ও মিথ্যা।
তিনি অভিযোগ করেন, একটি ভুয়া মামলায় সুরভীকে ১১ দিন কারাভোগ করতে হয়েছে। এমনকি তার বয়সের তথ্য গোপন রেখে আদালতে রিমান্ড মঞ্জুর করানো হয়। দুই দিনের রিমান্ড অনুমোদন দেওয়া হলেও জনগণের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তা বাতিল হয় এবং তাকে জামিন দেওয়া হয়। নাহিদ ইসলাম বলেন, এটি বিচারব্যবস্থার স্বচ্ছতার ওপর বড় ধরনের প্রশ্ন তোলে।
এনসিপির এই নেতা আরও বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের, বিশেষ করে পরিচিত জুলাইযোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে। সুরভীর ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। এর আগেও হবিগঞ্জে একই ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
নাহিদ ইসলাম কালের কণ্ঠ, কালবেলাসহ কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, সত্য-মিথ্যা যাচাই না করেই তারা জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে খবর প্রকাশ করছে। নির্বাচনের আগে একটি চক্রান্তের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে।
তিনি আরও দাবি করেন, কিছু বড় মিডিয়া হাউসের সম্পাদক প্রকাশ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিচ্ছেন এবং ভুয়া জরিপ ও প্রচারণার মাধ্যমে নির্বাচনী পরিবেশ প্রভাবিত করার চেষ্টা করছেন। নাহিদ ইসলাম বলেন, “এ ধরনের পরিকল্পনা সফল হবে না।” তিনি গণমাধ্যমের প্রতি নিরপেক্ষতা বজায় রেখে সত্য সংবাদ প্রচারের আহ্বান জানান।