ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তার পূর্বনির্ধারিত নির্বাচনী সভার মঞ্চ ভেঙে দিয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ অভিযোগ করেন। মঞ্চ ভাঙচুরের কারণে শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন রুমিন ফারহানা।
তিনি বলেন, পরিকল্পিতভাবে তার সভা পণ্ড করতে এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও কারা এই ভাঙচুর চালিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমেই এই অন্যায়ের জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।