শেখ সজীব, বাগেরহাট
সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনাকবলিত একটি পর্যটনবাহী জাহাজ থেকে দেশি-বিদেশি মোট ৪৪ জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার ‘পাইরেটস সুন্দরবন’ নামের একটি পর্যটনবাহী জাহাজ খুলনা থেকে ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
পরবর্তীতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের করমজল এলাকার পশুর নদীতে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে জাহাজটির একটি অংশে ছিদ্র সৃষ্টি হয়। এতে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। পরিস্থিতি আঁচ করতে পেরে জাহাজে থাকা এক পর্যটক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে অবহিত করেন।
খবর পেয়ে কোস্ট গার্ডের দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দফায় ২ জন চীনা নাগরিকসহ নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সকল পর্যটক বর্তমানে মোংলায় নিরাপদে রয়েছেন বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।