জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আখতার হোসেন বলেন, আসন বিন্যাস ও নির্বাচনী সমঝোতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো আদর্শিক জোট নয়, বরং নির্বাচনী সমঝোতা—যা আগেই দলের আহ্বায়ক পরিষ্কার করেছেন।
তিনি আরও বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের সিদ্ধান্তে দল আহত হয়েছে। তারা পদত্যাগপত্র জমা দিলেও এখনো সেগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি প্রসঙ্গে আখতার হোসেন বলেন, যে দল স্বৈরাচার সৃষ্টি করেছে, তাদের যেন কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া না হয়—এ জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হচ্ছে। জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ দেওয়া হলে তা স্বৈরাচার পুনর্বাসনের জন্য একটি এজেন্সি গেম হিসেবে কাজ করবে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় আন্তর্জাতিক প্রসঙ্গে ভেনেজুয়েলা ইস্যু উল্লেখ করে আখতার বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন আন্তর্জাতিক রীতিনীতি ও আইনবহির্ভূত। পৃথিবীর প্রতিটি দেশকেই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত বলে মন্তব্য করেন তিনি।