ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক–এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম।/
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা–২ আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাই কার্যক্রম শুরু হয়। যাচাই–বাছাই শেষে বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদনের ভিত্তিতে কর্নেল (অব.) আব্দুল হককে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা হয়। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয় বলে জানান রিটার্নিং অফিসার।
ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম জানান, কর্নেল (অব.) আব্দুল হক ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক থাকা অবস্থায় ওই প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করেছিলেন। সিআইবি প্রতিবেদনে সেই ঋণ সংক্রান্ত তথ্য পাওয়া যাওয়ায় নির্বাচন আইন অনুযায়ী তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
অন্যদিকে একই আসনে বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম–এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ঢাকা–২ আসনের নির্বাচনী সমীকরণে এই সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে। এখন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত এই আসনে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।