শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
কর্মসূচির অংশ হিসেবে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পর্যায়, রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাইবেন সংগঠনটির নেতাকর্মীরা।
একই সঙ্গে ইনকিলাব মঞ্চ দাবি জানিয়েছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার সঙ্গে জড়িত খুনি ও পেছনের সকল সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। পাশাপাশি ২২ কর্মদিবসের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনের ঘোষণাও দেন নেতারা।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।
এ সময় সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কোনো বৈঠক হলে তা অবশ্যই উন্মুক্ত হতে হবে। গোপন বৈঠক কিংবা দিল্লির সঙ্গে কোনো সিক্রেট সমঝোতা ইনকিলাব মঞ্চ মেনে নেবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের চারপাশে যেকোনো ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই আন্দোলন। ভারত হোক বা অন্য কোনো শক্তি—বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই আপসের বিষয় হতে পারে না।
ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, হাদি এই লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। সেই পথ অনুসরণ করেই সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের সংগ্রাম এগিয়ে যাবে।