কুষ্টিয়া–৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা তাঁর নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা। একই সঙ্গে তাঁর মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা।
হলফনামা অনুযায়ী, মুফতি আমির হামজা পেশা হিসেবে কাপড় ও বইয়ের ব্যবসার কথা উল্লেখ করেছেন। তবে ইসলামি বক্তা হিসেবে ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ কিংবা আকিজ গ্রুপ–এর খতিব হিসেবে দায়িত্ব পালনের বিপরীতে আয় কত—সে বিষয়ে হলফনামায় নির্দিষ্ট কোনো বিবরণ নেই।
এ প্রসঙ্গে আমির হামজা বলেন, ওয়াজ মাহফিল থেকে যে আয় হয়, তা ধরেই তাঁর বার্ষিক আয়ের হিসাব দেওয়া হয়েছে। তিনি জানান, আকিজ গ্রুপের সঙ্গে তাঁর একটি চুক্তি রয়েছে এবং তিনি সেখানে খতিব হিসেবে যুক্ত। তাঁর পারিবারিক ব্যয় আকিজ গ্রুপ বহন করে। এর বিনিময়ে তিনি মাহফিল থেকে প্রাপ্ত অর্থ আকিজ গ্রুপ পরিচালিত মাদ্রাসা ও এতিমখানায় দান করে দেন।
হলফনামায় তাঁর নামে ১০ ভরি স্বর্ণালংকার দেখানো হয়েছে, যা উপহার হিসেবে পাওয়া বলে উল্লেখ রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, বিয়ের সময় স্ত্রীর জন্য যে গহনা কেনা হয়েছিল, তা দেনমোহর হিসেবে পরিশোধ হয়ে গেছে। এর বাইরে কোনো স্বর্ণালংকার তিনি কেনেননি। তাঁর স্ত্রীর পরিবার আর্থিকভাবে সচ্ছল হওয়ায় এসব অলংকার উপহার হিসেবে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
হলফনামা অনুযায়ী, আমির হামজার একটি গাড়ির মূল্য দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। তবে গাড়িটির মডেল বা নম্বর প্লেট উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তিনি বলেন, তাঁর একটি টয়োটা নোহা গাড়ি রয়েছে।
নতুন গাড়িটির বাজারমূল্য প্রায় ৩৮ লাখ টাকা হলেও তিনি পাঁচ বছরের পুরোনো গাড়িটি ফরিদপুরের এক মালিকের কাছ থেকে কিনেছেন। সে কারণেই হলফনামায় আলাদাভাবে বিস্তারিত উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।