বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না-র মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর ইসলাম শুক্রবার বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়ন যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখে গরমিল পাওয়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
এদিন একই আসনে জাতীয় পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ-র মনোনয়নপত্রও বাতিল করা হয়। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলার মামলা থাকায় মনোনয়নপত্রটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মনোনয়ন যাচাই–বাছাই শেষে বগুড়া–২ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—
মীর শাহে আলম (বিএনপি),
মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী),
এবং মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
উল্লেখ্য, বগুড়া–২ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ছাড়াও গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু-র মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।