ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যাচাই–বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ সিদ্ধান্ত জানান। এ আসনে দাখিল করা ১১ জন প্রার্থীর সব কটির মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, দল থেকে মনোনয়ন না পাওয়ায় তাঁর কোনো কষ্ট বা ক্ষোভ নেই। তিনি বলেন, দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন এবং সে সময় যে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল, তা অনেক ক্ষেত্রেই তাঁর বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। তিনি জানান, সেই দায়িত্ব তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর ২০১৯ সাল থেকে তিনি সংসদে সক্রিয় ছিলেন এবং সেখানে তাঁর ভূমিকা সবারই জানা। ২০২২ সালের ডিসেম্বরে দল থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলে তিনি এক মুহূর্তও দেরি না করে সঙ্গে সঙ্গে পদত্যাগ করেন। তাঁর ভাষায়, দল যদি নতুন নেতৃত্বকে সামনে আনতে চায়, সেটিকে তিনি স্বাগত জানান।
রুমিন ফারহানা বলেন, দল যদি মনে করে তাঁর আর প্রয়োজন নেই, সেটিও তিনি মেনে নেবেন। তবে তিনি তাঁর রাজনৈতিক পথচলা অব্যাহত রাখবেন বলে জানান।
এ সময় তিনি অভিযোগ করেন, কিছু এলাকায় তাঁর কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে তা প্রশাসনকে অবহিত করা হবে। নির্বাচনী পরিবেশ বা নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কিছু হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান।