জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ-এর বার্ষিক আয় সাড়ে ১২ লাখ টাকা। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় হাসনাত আবদুল্লাহ তাঁর পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, তাঁর জন্ম ১৯৯৮ সালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামে।
হলফনামার তথ্য অনুযায়ী, ব্যবসা থেকে হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র কিংবা অন্য কোনো খাতে তাঁর কোনো বিনিয়োগ বা আয় নেই। ২০২৫–২৬ অর্থবছরে তিনি আয়কর হিসেবে ১ লাখ ৫ হাজার ৫৩১ টাকা পরিশোধ করেছেন। আয়কর রিটার্নে তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হাসনাত আবদুল্লাহর কোনো ঋণ নেই। তাঁর স্ত্রী পেশায় গৃহিণী এবং তাঁর নামে কোনো সম্পদ দেখানো হয়নি।
সম্পদ বিবরণীতে তিনি জানিয়েছেন, তাঁর কাছে নগদ রয়েছে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা। দুটি ব্যাংক হিসাবে জমা আছে ৩ লাখ ৩ হাজার টাকা। এ ছাড়া ২৬ লাখ টাকার স্বর্ণালংকার, ৬৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং এক লাখ টাকার আসবাবপত্রের তথ্য উল্লেখ করা হয়েছে।
তবে স্থাবর সম্পদের ক্ষেত্রে কৃষিজমি, অকৃষিজমি, বাড়ি বা অন্য কোনো স্থাপনার মালিকানা নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি। সব মিলিয়ে স্থাবর ও অস্থাবর সম্পদ যোগ করে বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।