বিএনপির প্রতি মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে কি না—এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশান-এ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আজ আমাদের মাঝে নেই, তবে তিনি মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে আছেন। গণতন্ত্রের জন্য তার দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের কারণেই তিনি ‘গণতন্ত্রের মা’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার জানাজায় রাজধানীসহ দেশজুড়ে মানুষের ঢল নেমেছিল, যা ভালোবাসা ও শ্রদ্ধার এক বিরল দৃষ্টান্ত।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, একজন সাধারণ গৃহিণী কীভাবে গণতন্ত্রের সংগ্রামের মাধ্যমে বিশ্বব্যাপী অনুপ্রেরণার প্রতীকে পরিণত হতে পারেন—খালেদা জিয়া তার জীবনের মাধ্যমে সেটিই প্রমাণ করেছেন। দেশ ও মানুষের জন্য তার ভালোবাসা এবং ত্যাগের উচ্চতায় খুব কম মানুষই পৌঁছাতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।
তবে মানুষের প্রত্যাশা আজ যে উচ্চতায় পৌঁছেছে, তা বাস্তবায়ন করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমিত সামর্থ্য ও অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও সবাইকে ঐক্যবদ্ধ রেখে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি চেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি জানান, মায়ের শোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে দৃঢ় মনোবল নিয়েই রাজনৈতিক দায়িত্ব পালন করতে হবে।