বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জিয়া উদ্যানে আসছেন। কবর জিয়ারত করে দোয়া করছেন তাঁরা। অনেকেই ফুল হাতে নিয়ে এসে কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকছেন।
দেশের বিভিন্ন প্রান্তে জানাজায় অংশ নেওয়া লাখো মানুষ গ্রামে ফেরার আগে প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে ভিড় করছেন। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও কবর জিয়ারতে অংশ নিচ্ছেন। মাজার কমপ্লেক্সের পূর্ব পাশে বসে কোরআন তেলাওয়াত করতেও দেখা যাচ্ছে নেতাকর্মীদের।
নিরাপত্তাজনিত কারণে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোড সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। জিয়া উদ্যানের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুপুর ১২টার পর জিয়া উদ্যানে কবর জিয়ারতের অনুমতি দেয়।
এদিকে বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স–ও বৃহস্পতিবার সকালে জিয়া উদ্যান পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন।