জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দেন।
বুধবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে খালেদ সাইফুল্লাহ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে তার পদত্যাগপত্র পাঠান।
এক বাক্যের ওই পদত্যাগপত্রে খালেদ সাইফুল্লাহ উল্লেখ করেন, “আমি জাতীয় নাগরিক পার্টির সকল পদ থেকে পদত্যাগ করছি।” পদত্যাগপত্রের অনুলিপি দলের সদস্যসচিব, দপ্তর সেল এবং কেন্দ্রীয় সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান, তিনি আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে চান। তার সংসদীয় আসন ঢাকা-৯, যা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা এলাকা নিয়ে গঠিত।
এরপরই জানা যায়, তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুক পোস্টে তাসনিম জারা আরও বলেন, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকা-৯ আসনের মানুষের সেবা করাই ছিল তার স্বপ্ন। তবে বর্তমান বাস্তবতায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।