ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার নির্বাচনী হলফনামায় তার আয় ও সম্পদের কিছু তথ্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, আমির হামজার বার্ষিক আয় ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা এবং তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা।
হলফনামায় তিনি পেশা হিসেবে কাপড় ও বইয়ের ব্যবসার কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে যে আয় হয়, সেটিকেই বার্ষিক আয়ের হিসাব হিসেবে দেখানো হয়েছে। তবে আকিজ গ্রুপে খতিব হিসেবে তার চাকরি থেকে প্রাপ্ত অর্থের কোনো নির্দিষ্ট হিসাব হলফনামায় উল্লেখ নেই।
এ বিষয়ে আমির হামজা বলেন, আকিজ গ্রুপের সঙ্গে তার চুক্তি রয়েছে এবং পরিবারের ব্যয়ভার প্রতিষ্ঠানটি বহন করে। বিনিময়ে তিনি তার মাহফিল থেকে পাওয়া অর্থ আকিজ গ্রুপের নির্মিত মাদরাসা ও এতিমখানায় দান করেন। সে কারণেই চাকরি থেকে প্রাপ্ত বেতনের আলাদা হিসাব হলফনামায় নেই বলে তিনি দাবি করেন।
হলফনামায় ১০ ভরি সোনার গহনা ও আসবাবপত্র উপহার হিসেবে পাওয়া দেখানো হয়েছে। এছাড়া তার একটি গাড়ির মূল্য ২৫ লাখ টাকা উল্লেখ করা হলেও মডেল ও নম্বরের বিস্তারিত নেই। এ বিষয়ে তিনি জানান, গাড়িটি একটি পাঁচ বছর পুরোনো টয়োটা নোহা, যা তিনি ব্যবহৃত অবস্থায় কিনেছেন।