মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিনগত রাত আনুমানিক দেড়টা থেকে ভোর চারটা পর্যন্ত চরকেওয়ার নতুন আমঘাটা গ্রামে এ তল্লাশি অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম দেওয়ান (৫৮), মামুন দেওয়ান (৪৮) এবং রিয়াদ হোসাইন (২৫) নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি ককটেল, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, দুটি গ্যাস মাস্ক, একটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় ধারালো অস্ত্র এবং চারটি বিয়ার বোতল উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটক মামুন দেওয়ান মোল্লাকান্দিতে সংঘটিত একটি হত্যা মামলার পলাতক আসামি। এছাড়া আটক তিনজনই এলাকায় পরিচিত শীর্ষ সন্ত্রাসী আতিক মল্লিক গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাস, নাশকতা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সেনাবাহিনী সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে অনুরোধ জানিয়েছে।