বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দৈলবাড়ি এলাকায় এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মোঃ ওমর ফারুক মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন বলে জানিয়েছেন।
অভিযোগে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা পাঁচটার দিকে দৈলবাড়ি এলাকায় স্থানীয় একটি চা দোকানের সামনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু গাফর উল্লাহ খান (৭০) অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, একই এলাকার দুজন ব্যক্তি — মোঃ নুরুন নবী সুমন (৩৯) এবং মোঃ নূরে আলম বাবু (৩৭) — ওই সময় সেখানে এসে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার ফলে বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। এছাড়াও মুক্তিযোদ্ধার দাঁড়ি টান দিয়ে ছিঁড়ে ফেলেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ বিষয়ে শাহরাস্তি থানা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, অভিযোগটি নিয়মিত প্রক্রিয়ায় গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।