বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর মৃত্যুতে শোক জানাতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আজ বাংলাদেশে পৌঁছাচ্ছেন। সফরসূচিতে রয়েছেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডুয়েন ডিঙ্গেল।
নির্ভরযোগ্য সূত্র জানায়, বুধবার জানাজার আগেই এসব বিদেশি প্রতিনিধি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে এসে তারা সংসদ প্লাজা–তে যাবেন। সেখানেই তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে সমবেদনা জানাবেন। এ সময় সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
এদিকে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানে তারেক রহমানের বাসা থেকে জানাজাস্থলের উদ্দেশে নেওয়া হচ্ছে। বুধবার বেলা ১১টার দিকে মরদেহবাহী গাড়িবহর রওনা দেয়।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে গুলশান–২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় মরদেহবাহী গাড়িটি প্রবেশ করে। সে সময় এলাকাজুড়ে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করে।
ভিডিওতে দেখা যায়, মায়ের মরদেহবাহী গাড়ির পাশে একটি চেয়ারে বসে কোরআন তেলাওয়াত ও দোয়া পড়ছেন তারেক রহমান। এই বাসাতেই পরিবার, আত্মীয়স্বজন এবং দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা শেষবারের মতো খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান।