সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর প্রতিনিধিদের আর্থিক জরিমানা করা হয়েছে। আজ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন।
নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আচরণবিধি নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে দুই প্রার্থীর প্রতিনিধিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএনপি প্রার্থীর প্রতিনিধি ২০,০০০ টাকা এবং জামায়াত প্রার্থীর প্রতিনিধি ৫,০০০ টাকা (নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন)।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী সংবাদমাধ্যমকে জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে এই জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন রোধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে সকল প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য পুনরায় সতর্ক করা হয়েছে।