মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দাখিলের শেষ দিনে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বড়লেখা উপজেলায় পাঁচজন এবং জুড়ী উপজেলায় একজন সংসদ সদস্যপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন— বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিস ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেলাল আহমদ ও মো. শরিফুল ইসলাম।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বড়লেখা ও জুড়ী এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থীরা আশা প্রকাশ করেছেন, যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।