ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, বাংলাদেশের ভাগ্যাকাশে কী ধরনের দুর্ভোগ নেমে আসছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি মনে করেন, এই দুর্দিন দেখার আগেই আল্লাহ একে একে আপসহীন দেশপ্রেমিক মানুষদের দুনিয়া থেকে তুলে নিচ্ছেন। আল্লাহ যেন বাংলাদেশ এবং এ দেশের মানুষের ওপর রহম করেন—এই আকুতিও জানান তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে এসব কথা বলেন ফাতিমা তাসনিম জুমা। পোস্টে তিনি শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিচারণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সম্পর্কের কথা তুলে ধরেন। জুমা বলেন, শহীদ হাদি বেগম খালেদা জিয়াকে অসম্ভব ভালোবাসতেন। তিনি তাকে ‘বাংলাদেশের বেগম জিয়া’ বলেই সম্বোধন করতেন।
তিনি আরও জানান, নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার দোয়া নেওয়ার প্রবল ইচ্ছা ছিল শহীদ হাদির। কিন্তু সজ্ঞানে সেই ইচ্ছা আর পূরণ হয়নি। পরে এভারকেয়ার হাসপাতালে অচেতন অবস্থায় তাদের দেখা হয়। সে সময় শহীদ হাদি ছিলেন আইসিইউতে, আর ঠিক ওপরের তলায় চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া।
এই স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠেন ফাতিমা তাসনিম জুমা। তার বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, ব্যক্তিগত শোক এবং ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ স্পষ্টভাবে ফুটে ওঠে।