ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন হাসনাত আবদুল্লাহ।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেবিদ্বারের জননন্দিত নেতা সাইফুল ইসলাম শহীদ ফ্যাসিবাদের সময়েও জনগণের ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। ইনসাফ ও বৃহত্তর ঐক্যের স্বার্থে তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করে যে উদারতার পরিচয় দিয়েছেন, তা আমাদের রাজনৈতিক কমিটমেন্টকে আরও শক্তিশালী করেছে। এই ত্যাগের মর্যাদা আমরা অবশ্যই রাখবো।
তিনি আরও বলেন, আজ আমি একা মনোনয়নপত্র জমা দিতে আসিনি। আমার সঙ্গে রয়েছেন জুলাই আন্দোলনে আহতরা, শহীদ পরিবারের সদস্যরা এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আন্দোলনে আহত ও শহীদ পরিবারের যে অপূরণীয় ক্ষতি এবং জাতির যে প্রত্যাশা রয়েছে, এই জোট তা বাস্তবায়নে কাজ করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক নায়েবে আমীর গোলাম মোস্তফা সরকার (ভিপি), অ্যাডভোকেট ওয়াইদুল হকসহ এনসিপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।