কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
পরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় আমির হামজা জানান, বেশ কিছুদিন ধরে নির্বাচনি মাঠে থেকে সব শ্রেণির মানুষের বিপুল সাড়া পাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এ ব্যাপারে আমরা সতর্ক আছি। তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থানা থেকে যেসব অস্ত্র গোলাবারুদ লুট করা হয় তা এখনো আইনশৃঙ্খলাবাহিনী উদ্ধার করতে পারেনি। পাশাপাশি ভারত সীমান্ত দিয়েও অবৈধ অস্ত্র ঢুকছে বলে অভিযোগ করেন তিনি। এসব অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে।